খালেদা অসুস্থ, রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি পিছিয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলার অভিযোগ আমলে নেওয়ার শুনানি পিছিয়েছে। আগামী ১০ আগস্ট শুনানির তারিখ ধার্য করা হয়েছে। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা তাঁর অসুস্থতার কথা তুলে ধরে সময়ের আবেদন করেন। মামলার পরবর্তী তারিখে খালেদা জিয়া আসবেন—এমন তথ্য জানানো হয়। পরে আদালত ১০ আগস্ট মামলার অভিযোগ আমলে নেওয়ার দিন ধার্য করেন।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে এ বছরের ২৫ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দণ্ডবিধির ১২৩ (ক) / ১২৪ (ক) / ৫০৫ ধারায় মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ। তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদেরও সদস্য। এর আগে তিনি মামলা করার জন্য নিয়মানুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেন।
গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।