খালেদা অসুস্থতার ভান করছেন: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার ভান করছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সরকারি কলেজ মাঠে আয়োজিত প্রথম পর্বের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া অসুস্থতার ভান করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। খালেদ জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি নাটক করছেন। আপনি যদি সত্যিকারের অসুস্থ হয়ে থাকেন, তাহলে আমাকে বলেন। আমি স্বাস্থ্যমন্ত্রী হয়ে কথা দিচ্ছি, মেডিকেল বোর্ড পাঠিয়ে আপনাকে সুস্থ করে তুলব। আগামী নির্বাচনে আপনাকে পরাজিত করে আমরা চ্যাম্পিয়ন হব।’
এ দিকে গতকাল বুধবার দুপুরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সিরাজ উদ্দিন আহমেদ। তিনি খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, গত সোমবার পুলিশের ছোড়া পেপার স্প্রের কারণে খালেদা জিয়ার চোখ দিয়ে পানি ঝরছে। তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। তিনি পুরোপুরি বিশ্রামে আছেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘আপনি একাই আন্দোলনের ডাক দিয়েছেন। মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে সেনাপতি যখন মাঠে নামে, তখন ভাববেন ওই বাহিনীর পতন অনিবার্য। আপনার ক্ষেত্রে তা–ই হয়েছে। আপনার পেছনে আপনার কোনো নেতা-কর্মী এখন আর নেই। কেউ আপনার ডাকে আর সাড়া দেবে না। আওয়ামী লীগ আন্দোলনের ভয় করে না।’
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে নাসিম বলেন, ‘আপনি এখনো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, তত্ত্ববধায়ক সরকার মরে গেছে। তাদের কবর হয়ে গেছে। এ কথা বলে আর কোনো লাভ হবে না।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফারুক খান, সদস্য এস এম কামাল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের নাজমুল হক প্রধান, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত প্রমুখ।
এদিকে সম্মেলন উপলক্ষে সার্কিট হাউস, দলীয় ও বেসরকারি ভবনসহ শহরের রাস্তাগুলোতে আলোকসজ্জা করা হয়। অতিথিদের স্বাগত জানাতে ৫৫টি তোরণ নির্মাণ করা হয়।