খালেদা আর ভুল করবেন না, আশা সৈয়দ আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে অংশ না নেওয়ার মতো ভুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর করবেন না বলে মনে করেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনেই হবে বলেও জানান তিনি।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে যুবলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ এ কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচনের দাবি, ‘তত্ত্বাবধায়ক’ সরকারের দাবি থেকে সরে আসার ইঙ্গিত কি না, এ প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপি ভুল বুঝতে পেরে তত্ত্বাবধায়কের ইস্যু থেকে সরে আসতে পারে। তবে আগামী নির্বাচন সংবিধান অনুসারে বর্তমান সরকারের অধীনেই হবে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত সংসদ নির্বাচনে তিনি (খালেদা জিয়া) অংশ না নিয়ে যে ভুল করেছেন, আশা করি এবার সেই ভুল করবেন না।’
এর আগে যুবলীগ আয়োজিত ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সংবাদচিত্র প্রদর্শনীতে সৈয়দ আশরাফ বলেন, যুবলীগের বইয়ে বঙ্গবন্ধুর অনেক ছবি সন্নিবেশিত করা হয়েছে। এটা তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয়।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ বক্তৃতা করেন।