খালেদা আসলে ষড়যন্ত্রেরই জাল বুনছেন: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি
হাসানুল হক ইনু। ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আগুন যুদ্ধে পরাজিত হয়ে গণতন্ত্রের ঘোমটা পরে ভোল পাল্টালেও খালেদা জিয়া আসলে ষড়যন্ত্রের জাল বুনছেন।’
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে যুবলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত একুশে আগস্ট গ্রেনেড হামলার সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘একাত্তর-পঁচাত্তরের খুনিদের মতো একুশে আগস্ট ও আগুন সন্ত্রাসের অপরাধীদেরও একচুল ছাড় দেওয়া হবে না।’
সন্ত্রাসী-জঙ্গিদের বিরুদ্ধে শেখ হাসিনার জানবাজি লড়াইয়ে জাসদ সঙ্গে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, ‘বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে মোশতাকের ক্ষমতা দখলের ৪৮ ঘণ্টার মধ্যে জাসদ মোশতাকের অবৈধ সরকারের বিরুদ্ধে লিখিত প্রচারপত্র বিলি করে এবং শতাধিক জাসদকর্মী মোশতাকের হাতে নিহত হয়।’ ইনু বলেন, ‘আওয়ামী-জাসদ ঐক্য সাম্প্রদায়িকতার দুর্গে কামান দাগার শক্তি দিয়েছে।’
সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী সভাপতিত্ব করেন। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আব্দুল মান্নান, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।