খালেদা ও কিছু বুদ্ধিজীবীকে ডাক্তার দেখাতে বললেন হাছান মাহমুদ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং কিছু বুদ্ধিজীবীকে চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ক্ষুধামুক্ত হয়েছে। খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজনীতিক নেতৃবৃন্দ ও কিছু বুদ্ধিজীবী দেশের অগ্রগতি দেখতে পান না। এ জন্য তাঁদের চিকিৎসা প্রয়োজন। যেসব বুদ্ধিজীবীর বুদ্ধি লোপ পেয়েছে, তাঁদের ডাক্তার দেখানো উচিত।
আলোচনা সভায় হাছান মাহমুদ বিএনপির কাউন্সিল নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বলব ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে তিনি চমক দেখিয়েছেন। প্রায় এক হাজার জনের কমিটি গঠন করেছেন। বিএনপির কমিটি গঠনের সময়ও এই চমক দেখাবেন কি না, জাতি জানতে চায়।’ তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির বিষয়ে সাবেক এই মন্ত্রী বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের বিরুদ্ধে বহুমাত্রিক ষড়যন্ত্র হচ্ছে। এ জন্য সবাইকে চোখ কান খোলা রাখতে হবে।