রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়া ও তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। তাঁর মামলা দ্রুত বিচার আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সমাবেশে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দীর ৫০০ দিন উপলক্ষে পত্রিকাটি এই নাগরিক সমাবেশের আয়োজন করে।
২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র বলে দাবি করেন মির্জা ফখরুল।
মাহমুদুর রহমানকে সরকার ভয় পায় বলে মন্তব্য করে ফখরুল বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। সরকারের পতন ঘটিয়েই মাহমুদুর রহমানকে মুক্ত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কলাম লেখক ফরহাদ মজহার, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।