খালেদা ক্ষমতার লোভে উন্মাদ হয়ে গেছেন: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মানুষ পোড়ানোর উসকানিদাতা খালেদা জিয়াকে বিচারের বাইরে রাখার তদবির এবং সংলাপের প্রস্তাব আসলে মিটমাটের নয়, আগুন-সন্ত্রাসী, যুদ্ধাপরাধী, জঙ্গিদের হালাল করা ও খালেদাকে গণতন্ত্রে ‘প্লাস’ করার ফর্মুলা। অন্যদিকে এত মানুষের কান্না-আহাজারি, অনুনয়-বিনয়েও খালেদা জিয়া আগুন-সন্ত্রাসের পথ থেকে সরে না আসায় তিনি প্রমাণ করেছেন যে তিনি ক্ষমতার লোভে অন্ধ ও উন্মাদ হয়ে গেছেন।’
আজ রোববার বিকেলে রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত প্রয়াত জাসদ নেতা নুরুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, একাত্তরের রাজাকার, আইএস জঙ্গি ও তালেবানদের মতোই নির্মম ও বর্বর আগুন-সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে রাজনীতি থেকে আগুন-সন্ত্রাসী ও এদের নেত্রীকে বিতাড়ন করার মাধ্যমেই প্রয়াত নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা সম্ভব।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসেন আখতারের সভাপতিত্বে সভায় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আইনজীবী হাবিবুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।