খালেদা খারাপ সময়ে ভালো কথা বলেছেন: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

সরকারকে সংলাপে বসতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানকে ‘খারাপ সময়ে ভালো কথা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি খারাপ সময়ে ভালো কথা বলেছেন। ২০১৫ সালে এ বিষয়ে কোনো আলোচনা হবে না। ২০১৮ সালের শেষদিকে আপনার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।’
আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চলমান রাজনীতির বিষয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন। ‘বঙ্গবন্ধু একাডেমি’ এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া হঠাৎ করেই সংবাদ সম্মেলন করে অনেক মন্তব্য করেছেন। তিনি নির্বাচনী আইন সংশোধন, নির্দলীয় সরকার, আলোচনার কথা বলেছেন। ভালো কথা বলেছেন। কিন্তু এ নিয়ে এখন কোনো আলোচনা হবে না। ‘আপনাকে অপেক্ষা করতেই হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনি যখন সাত দফা দিয়েছেন, আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে। আপনাকে চার বছর অপেক্ষা করতেই হবে। চার বছর বেশি সময় না। দেশ এখন এগিয়ে যাচ্ছে।’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘৫ জানুয়ারিকে আমরা গণতন্ত্র রক্ষা দিবস মনে করি। যথাসময়ে ৫ জানুয়ারি সমাবেশ হবে। আপনারা তো অনেক চেষ্টা করেছেন। বিদেশিরা ৫ জানুয়ারির নির্বাচন মেনে নিয়েছে। ৫ জানুয়ারি সমাবেশ নিয়ে ঝামেলা করবেন না। সভা নিয়ে অশা‌ন্তি করবেন না। আওয়ামী লীগের এই সমাবেশ বানচাল করার সাধ্য কারও নাই।’