খালেদা খেলেন চা-বিস্কুট, অন্যরা রুটি-কলা
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানিকালে আদালত বিরতিতে গেলে চা-বিস্কুট দিয়ে দুপুরের খাবার সারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার এ দুই মামলায় তাঁর আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য ছিল।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে। বেলা ১টা ৪০ মিনিটে আদালত বিরতিতে যান। এ সময় আদালত কক্ষেই চা-বিস্কুট খান খালেদা জিয়া। আর দলের জ্যেষ্ঠ নেতাদের জন্য বাইরে থেকে শিঙাড়া ও রুটি-কলা নিয়ে আসা হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিঙাড়া খেতে যায়। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতারা রুটি-কলা খান।
যদিও বেলা আড়াইটার দিকে বিচারক এজলাসে এলে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করেন। তাঁরা খালেদা জিয়া অসুস্থ, তিনি দুপুরের খাবার খেতে পারেননি, নামাজও পড়তে পারেননি, ওষুধ খেতে পারেননি—এসব কথা বলতে থাকেন। একপর্যায়ে বিএনপিপন্থী আইনজীবী হোসেন আলী খান হাসান টেবিল চাপড়াতে থাকেন। বিষয়টি আদালত লক্ষ করেন এবং ওই আইনজীবীকে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরে বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় ও ওই আইনজীবী নিঃশর্ত ক্ষমা চান।