খালেদা গঠনমূলক রাজনীতিতে ফিরলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা থাকতে হবে। সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয়। আশা করি, খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি গঠনমূলক রাজনীতিতে ফিরে আসবেন। তবেই আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।’
গতকাল সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গণে প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারের ৬৫তম জন্মদিন উপলক্ষে টঙ্গী থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘যুদ্ধের সময় কোনো আলোচনা হয় না। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।’ মন্ত্রী বলেন, ভবিষ্যতে নির্বাচন হবে। সে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে তিনি আশা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক। আরও বক্তৃতা করেন স্থানীয় সাংসদ জাহিদ আহসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান প্রমুখ।
সমাবেশে সৈয়দ আশরাফ বলেন, আহসান উল্লাহ মাস্টার একাধারে শিক্ষক, শ্রমিকনেতা ও জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। তিনি শুধু গাজীপুরের নেতা ছিলেন না, তিনি সারা দেশের শ্রমিকদের অধিকার আদায়ের মানুষ ছিলেন।
২০০৪ সালের ৭ মে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একটি জনসভায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন আহসান উল্লাহ মাস্টার।