খালেদা গভীর ষড়যন্ত্রে লিপ্ত: তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে মুহূর্তে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে ও শান্তিশৃঙ্খলা বিরাজমান রয়েছে, সে মুহূর্তে বিএনপির নেত্রী খালেদা জিয়া দেশের উন্নয়ন অগ্রগতি ও স্থিতিশীলতা নস্যাৎ করতে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
ভোলা সদর উপজেলার বাংলাবাজার উপশহরে ভোলা-দৌলতখান সড়কের পাশে অগ্রণী ব্যাংকের ৯১৫ নম্বর শাখা উদ্বোধনকালে গতকাল বুধবার মন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলা হবে দেশের মধ্যে সমৃদ্ধ জেলা। কারণ, বঙ্গবন্ধু ভোলাকে ভালোবাসতেন। শেখ হাসিনা ভোলাকে ভালোবাসেন। ইতিমধ্যে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য বাংলাদেশের ও বিদেশের অনেক শিল্পপতি ভোলায় এসে জমি ক্রয় করেছেন। ভোলার শাহবাজপুর গ্যাসফিল্ডের গ্যাস এখন ভোলা শহরে গৃহস্থালির কাজে ব্যবহৃত হচ্ছে। অচিরেই বোরহানউদ্দিন উপজেলাবাসীও গৃহস্থালির কাজে গ্যাস-সংযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার।