খালেদা গুলশানে যাওয়ার পর আব্বাস-সোহেলের প্রথম বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আব্বাস ও হাবিব–উন-নবী খান সোহেল
মির্জা আব্বাস ও হাবিব–উন-নবী খান সোহেল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনায় সমন্বিতভাবে চলমান আন্দোলন এগিয়ে যাচ্ছে। প্রতিটি নেতা-কর্মী কৌশলী অবস্থানে থেকে যাঁর যাঁর দায়িত্ব পালন করছেন। বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবিব–উন-নবী খান সোহেল আজ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন।
৩ জানুয়ারি রাত থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে অবস্থান নেওয়ার পর এই প্রথম ঢাকা মহানগরের দায়িত্বশীল এই দুই নেতা গণমাধ্যমে বিবৃতি দিলেন। মির্জা আব্বাসের প্রেস সচিব জাহাঙ্গীর আলমের নামে এ বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে সরকারকে উদ্দেশ করে দুই নেতা বলেন, ‘আপনাদের কোনো অশুভ পরিকল্পনাই ফলপ্রসূ হবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। মামলা হামলা গ্রেপ্তার করে গণতান্ত্রিক আন্দোলন কোনোদিনই বন্ধ করা যায়নি। এবারও যাবে না।’

বিবৃতিতে নেতা-কর্মীদের যার যার অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যেতে এবং সরকারকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে ‘অস্ত্র গুলি’ না চালিয়ে সমঝোতার পথে আসার আহ্বান জানানো হয়।