খালেদা জাতির সঙ্গে তামাশা করেছেন: হাছান মাহমুদ

জাতীয় ঐক্যের কথা বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতির সঙ্গে তামাশা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাসানী ও কাজী আরেফ ফাউন্ডেশন আয়োজিত ‘জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি’ শীর্ষক মানববন্ধনে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার সারা অঙ্গে প্রতিহিংসা জড়িয়ে আছে। তার মুখে প্রতিহিংসার রাজনীতি বন্ধের কথা মানায় না।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া বোমা মেরে মানুষ পুড়িয়ে বলছেন-প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরাও প্রতিহিংসার রাজনীতি চাই না। দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর করতে হলে সবার প্রথমে আপনার উচিত হবে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে অবসর নেওয়া। তাহলে এ দেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস হলেও খালেদা জিয়ার আনন্দের দিন। ১৫ আগস্ট তিনি কেক কাটেন। কারণ ১৫ আগস্ট না হলে তিনি দখলদার রাষ্ট্রপতির স্ত্রী হতে পারতেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না।’
বঙ্গবন্ধু হত্যার বিচার করার অঙ্গীকার আওয়ামী লীগ রক্ষা করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আমরা জাতির কাছে অঙ্গীকার করতে চাই-যারা হত্যার পেছনে মদদদাতা ছিলেন তাদেরও বিচার করা হবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।