খালেদা জিয়া এখনো অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম দিনের মতো রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগের মতোই কার্যালয়ের সামনের রাস্তাটির এক পাশে একটি জলকামান, অন্য পাশে পুলিশের দুটি ট্রাক দিয়ে আটকানো আছে। বাসার মূল ফটকে ১০ জন নারী পুলিশ অবস্থান নিয়ে আছেন। ফটকের দুই পাশে পাহারা দিচ্ছে পুলিশের বেশ কিছু সদস্য।
গতকাল শনিবার নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর, সাবেক সচিব আবদুল হালিমের নেতৃত্বে সাবেক সচিব ও সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফার নেতৃত্বে মহিলা দলের কয়েকজন নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
গত ৩ জানুয়ারি রাতে পুলিশ এই কার্যালয়ের মূল ফটকে তালা দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটিভর্তি ১১টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। ৫ জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এর পর থেকে খালেদা জিয়া কার্যালয়েই আছেন।