খালেদা জিয়া ও তারেক রহমান মিথ্যুক: চুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘কেউ বেয়াদবি করলে তাঁকে বেয়াদবই বলতে হবে। কেউ মিথ্যা বললে তাঁকে মিথ্যুক বলতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমান মিথ্যুক।’

আজ বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তারেক রহমান সম্পর্কে কড়া সমালোচনা করে বক্তব্য দেওয়ায় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়। এরই প্রতিবাদে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বিকেলে মামলাটি খারিজ হয়। এর আগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মেহের আফরোজ বলেন, ‘সত্য কথা বলায় আমার বিরুদ্ধে তাঁরা মামলা করেছেন। আমি মামলাকে ভয় পাই না। সত্য বলতে গিয়ে শতবার হলেও মামলা মাথায় নিতে প্রস্তুত আছি।’ জাতির পিতা সম্পর্কে কটূক্তি করায় তারেক রহমানের নাগরিকত্ব বাতিল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা আহমেদুল কবির। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগের নেতা পরিমল চন্দ্র, শাহ আলম দেওয়ান, যুবলীগের নেতা শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গাজীপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।