বিএনপির জাতীয় সম্মেলনকে সামনে রেখে দুই শীর্ষ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দলটি।
গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। তফসিল অনুযায়ী, ১৯ মার্চ দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।
জমির উদ্দিন সরকার বলেন, ১৯ মার্চই দলের জাতীয় কাউন্সিল হবে। ওই দিন অন্যান্য পদেও নির্বাচন হবে।
দলের গঠনতন্ত্রে বলা আছে, জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিন বছরের জন্য দলের চেয়ারম্যান নির্বাচিত হবেন। অবশ্য ১৯৮৪ সাল থেকেই খালেদা জিয়া চেয়ারপারসনের দায়িত্বে আছেন। আর ছয় বছর আগে ২০০৯ সালের ডিসেম্বরে দলের সর্বশেষ কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ তৈরি করে তাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বসানো হয়।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করছেন, চেয়ারপারসন পদে খালেদা জিয়া আর সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাওয়ার সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে খালেদা জিয়া আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।
গতকাল দুপুরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উিদ্দন আহমদ সাংবাদিকদের বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। সুতরাং এই পদের জন্য প্রতিদ্বন্দ্বী পাওয়া যাবে বলে আমরা মনে করি না।’
তফসিল অনুযায়ী, ২ মার্চ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৪ মার্চ মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৫ মার্চ যাচাইবাছাই করা হবে। ৬ মার্চ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
বিএনপির গঠনতন্ত্রে বলা আছে, দলের ৩৫১ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি জাতীয় কাউন্সিলে নির্বাচিত হবেন। তবে অতীতে দেখা গেছে, কাউন্সিলররা চেয়ারপারসনকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের ক্ষমতা দিয়েছেন। এবারও তেমনটা হবে বলে মনে করছেন দলের নেতারা।