খালেদা জিয়া কাল লন্ডন যেতে পারেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল শুক্রবার লন্ডন যেতে পারেন। রাত ১০টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে তাঁর লন্ডনের উদ্দেশে যাত্রার কথা রয়েছে। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বৃহস্পতিবারের মধ্যে খালেদা জিয়াসহ তাঁর সফরসঙ্গীদের যুক্তরাজ্যের ভিসা পাওয়ার কথা রয়েছে। লন্ডনে গেলে খালেদা জিয়া চোখের চিকিৎসা নেবেন। দেশটির উচ্চপর্যায়ের রাজনীতিকদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা আছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী-সন্তানেরা লন্ডনে আছেন। দীর্ঘদিন পর এই সফরে মা-ছেলের সাক্ষাৎ হবে।
কাল শুক্রবার রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করলে এবার খালেদা জিয়ার ৭০তম জন্মদিন আকাশপথেই কাটবে। ১৫ আগস্ট বিকেল নাগাদ তাঁর লন্ডন পৌঁছার কথা। প্রতিবছর ১৫ আগস্ট রাত ১২টা ১ মিনিটে গুলশানের কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।
বিএনপির সূত্র জানায়, ২৮ আগস্টের আগে খালেদা জিয়া দেশে ফিরবেন।