তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া জঙ্গিবাদ ও আগুন-সন্ত্রাসীদের লালন করে স্বাভাবিক রাজনীতির বাইরে চলে গেছেন। তিনি আর গণতান্ত্রিক রাজনীতির ঘরে নেই। দেশে ফিরে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি স্বাভাবিক
রাজনীতি করবেন কি না। এই সিদ্ধান্তের ওপর তাঁর ভবিষ্যৎ নির্ভর করছে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে জাতীয় হাওর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে বিকেল সাড়ে চারটার দিকে দুই দিনের এই উৎসবের উদ্বোধন
করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। ‘ফিরে চল মাটির টানে’ স্লোগান নিয়ে ‘হাওর পারের ধামাইল’ নামের একটি সংগঠন এই উৎসবের আয়োজন করে।
দুই বিদেশি নাগরিক হত্যা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিদেশিদের হত্যা নিয়ে ষড়যন্ত্র চলছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে এর সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এখানে জঙ্গিবাদ, নাশকতা ও সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার বিষয়টি থাকতে পারে। তদন্তের পরই সব সত্য বেরিয়ে আসবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী আরও বলেন, দেশে ফিরে তিনি যদি জঙ্গিবাদ ও আগুন-সন্ত্রাসীদের না ছাড়েন, তাহলে গণতান্ত্রিক রাজনীতির ঘরের চৌকাঠের বাইরে তাঁকে থাকতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি সজল কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ মুহিবুর রহমান ও মোয়াজ্জেম হোসেন, সাবেক সাংসদ মঞ্জুর কাদের কোরাইশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক কাসমির রেজা, সদস্যসচিব পীযূষ রঞ্জন পুরকায়স্থ ও ‘হাওর পারের ধামাইল’-এর সাধারণ সম্পাদক বিমান তালুকদার।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ শনিবার সকাল আটটা থেকে দ্বিতীয় দিনের উৎসব শুরু হবে।