খালেদা জিয়া গ্রেপ্তার হলে সহিংসতা বাড়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রাজনৈতিক সংকট অব্যাহত আছে। দেশব্যাপী সরকারবিরোধী যে সহিংস আন্দোলন চলছে, তাতে শতাধিক মানুষ মারা গেছে। দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে এই সংকট আরও বাড়তে পারে।
বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) বাংলাদেশের বিদ্যমান ও সম্ভাব্য সংঘাতময় পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বার্তায় (বুলেটিন) এ কথা বলেছে। গত সোমবার এই বুলেটিন প্রকাশ করা হয়।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি স্বাধীন, অলাভজনক, বেসরকারি সংস্থা। চারটি মহাদেশের সংকট-আক্রান্ত ৬০টি দেশ ও ভূখণ্ড নিয়ে তারা কাজ করে। সংকট নিরসন ও সংকট এড়াতে সংস্থাটি মাঠপর্যায়ের বিশ্লেষণ ও উচ্চপর্যায়ে দূতিয়ালি (অ্যাডভোকেসি) করে থাকে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের সর্বশেষ বুলেটিনে ইয়েমেনের সঙ্গে বাংলাদেশকেও সংঘাতের ঝুঁকির সতর্কতার দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বুলেটিনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সংকট চলছে। সহিংসতায় কারণে দেশটি প্রচণ্ড অস্থিতিশীলতার মুখে।
এতে বলা হয়, বিএনপির নেতৃত্বে জানুয়ারি থেকে দেশব্যাপী সরকারবিরোধী সহিংস আন্দোলন ও অবরোধে শতাধিক মানুষ নিহত হয়েছে। দুর্নীতির মামলায় হাজিরা না দেওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই পরোয়ানা বাস্তবায়িত হলে সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে।
বুলেটিনে বলা হয়, বিএনপি-জামায়াতকে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট নিরসনের দাবি জানিয়ে আসছে সুশীল সমাজ। অর্থনীতির ওপর এই সংকটের নেতিবাচক প্রভাব পড়বে বলে নাগরিক সমাজ এর সমালোচনা করছে। খ্যাতিমান আইনজীবী, সাবেক সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধির সমন্বয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসতে বলেছে তারা। গত মাসে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গঠনমূলক সংলাপের জন্য শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে ৯ ফেব্রুয়ারি আইসিজি তাদের আরেক বুলেটিনে জামায়াতের সঙ্গ ছাড়তে বলেছে বিএনপিকে। ‘বাংলাদেশের রাজনৈতিক সংকটের মানচিত্রায়ন’ (ম্যাপিং বাংলাদেশ’স পলিটিক্যাল ক্রাইসিস) শিরোনামের ওই বুলেটিনে বলা হয়, জামায়াতে ইসলামী দেশে ইসলামপন্থী দলগুলোর ক্ষমতা বাড়াচ্ছে। এর ফলে বিএনপির কোনো রাজনৈতিক সুবিধা হচ্ছে না।
আইসিজির এসব বুলেটিনের পর্যবেক্ষণ কীভাবে দেখেন—জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, যেকোনো আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র তাদের মতামত প্রকাশ করতেই পারে। কেউ যদি এ ধরনের মতামত গ্রহণ করতে না-ও চান, কিছু আসে যায় না। কিন্তু এসব মতামতই বলে দেয়, দেশে একটা সমস্যা আছে। আর সেই সমস্যা ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে। সবার অংশগ্রহণে একটি নির্বাচনই এর সমাধান।