খালেদা জিয়া চলমান রাজনীতির 'ভিলেন': ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইয়ের মোড়ক উন্মোচনের পর তথ্যমন্ত্রী ও অন্যান্যরা। ছবি:সংগৃহিত
বইয়ের মোড়ক উন্মোচনের পর তথ্যমন্ত্রী ও অন্যান্যরা। ছবি:সংগৃহিত

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি নেত্রী খালেদা জিয়াকে চলমান রাজনীতির ‘ভিলেন’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, একাত্তরে রাজাকার, পঁচাত্তরের পরে জিয়াউর রহমান এবং বর্তমান বাংলাদেশে চলমান রাজনীতির ‘ভিলেন’ হচ্ছেন খালদা জিয়া।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে জীবনানন্দ উৎসব উপলক্ষে ‘রূপসী বাংলা পুরস্কার’ এবং বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থ ও আবৃত্তির সিডি’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জীবনানন্দ উৎসব কমিটি ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আজ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দখল নায়ক বা ভিলেনের সঙ্গে কখনো মিটমাট হয়না। যুদ্ধ হয় এবং ভিলেন পরাজিত হয়। সম্প্রতি আগুনে মানুষ পোড়ানোর মধ্য দিয়ে খালেদা জিয়া রাজনীতির ‘ভিলেন’ হিসেবে আবির্ভূত হয়েছেন। ঠান্ডা মাথায় চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর দানবীয় কাজ করে গণতন্ত্রের ঘোমটা পরা অর্থহীন।
জীবনানন্দ উৎসব কমিটির প্রধান কলকাতার কবি অমৃত মাইতির সভাপতিত্বে অনুষ্ঠানে কবিদের মধ্যে বাংলাদেশের কাজী রোজী, কামাল চৌধুরী, অঞ্জনা সাহা, ভারতের প্রাবন্ধিক সুন্নাত জাহা এবং আমেরিকা প্রবাসী প্রাবন্ধিক সিনহা আবুল মনসুরকে রূপসী বাংলা পুরস্কারে ভূষিত করা হয়। তথ্যমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেন।

কবি সাহিত্যিকরা কখনো রাজাকার বা ভিলেনের পক্ষ নেন না উল্লেখ করে মন্ত্রী খলনায়কদের পরাজিত করার লড়াইয়ে কবি সাহিত্যিকদের সক্রিয় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী’র “বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে মিথ ও মিথ্যাচার” গ্রন্থ ও শাহাদাৎ হোসেনের আবৃত্তির তিনটি সিডির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। এসময় হাবীবুল্লাহ সিরাজী, মোনামেয় সরকার, মুহম্মদ নূরুল হুদা, আসলাম সানী প্রমুখ উপস্থিত ছিলেন।