মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চের সমাবেশ
খালেদা জিয়া ছলেবলেকৌশলে ক্ষমতা চান: সৈয়দ আশরাফ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন চান না, ছলেবলেকৌশলে রাষ্ট্রীয় ক্ষমতা চান বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, পরিবহন, শিল্পকারখানা ধ্বংসের ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। খালেদা জিয়াকে উদ্দেশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনি চান নির্বাচন। আপনি চান গণতন্ত্র। কিন্তু আপনার আচার-আচরণ দেখে তো মনে হয় না। আপনি নির্বাচন চানও না, তত্ত্বাবধায়ক সরকারও চান না। আপনি চান ছলেবলেকৌশলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল।’ তিনি বলেন, ‘যদি আপনার আন্দোলন থাকত তত্ত্বাবধায়ক সরকারের জন্য, মধ্যবর্তী নির্বাচনের জন্য, তাহলে আপনি জ্বালাও-পোড়াও করতেন না। কোনো রাজনীতিক যদি নির্বাচনে যেতে চান, তাঁর ভোটারদের যদি পুড়িয়ে মারেন, তাহলে তাঁর পক্ষে কেউ কি ভোট দেবে? দেবে না। খালেদা জিয়া এ দেশের মানুষের ভোট চান না। নির্বাচন চান না। তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথাও এখন বলেন না। তাঁর উদ্দেশ্যটা কী? যে উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে প্রথম থেকে শুরু করেছেন, তা হলো বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করা।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিএনপিকে সিটি করপোরেশন নির্বাচনে স্বাগত জানিয়ে বলেন, ‘আপনি তো এখন লাইফ সাপোর্টে আছেন। এখনো বাঁচতে পারবেন। নির্বাচনে আসছেন ভালো কথা। আপনাকে স্বাগত জানাই। নির্বাচনটা করে আপনার জনপ্রিয়তা যাচাই করেন। জনপ্রিয়তা যদি থাকে, তাহলে স্বাগত জানাই। জনগণ তাদের ভোট না দিলে উনি আবার বলবেন জোর... করে নির্বাচন জিতে নিয়েছে। আমরা জোর করে ক্ষমতায় আসিনি।’ বক্তব্যের শেষে বিএনপি-জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা প্যারোডি করে শোনান তিনি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহিরুল হক, জামালপুর জেলার কমান্ডার শফিকুল ইসলাম, গাজীপুরের কাজী মোজাম্মেল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির সহসভাপতি অলকা ঘোষ প্রমুখ।