খালেদা জিয়া দেশের জন্য হুমকি: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ, জঙ্গি সমর্থক খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিতে ও উন্নতি করতে হলে বিএনপি চক্রের বিষদাঁত ভেঙে দিতে হবে।
আজ বৃহস্পতিবার বিকলে কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এ কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভেড়ামারা উপজেলা শাখা এ জনসভার আয়োজন করে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, দলবাজ রুখতে এবং সামাজিক ভারসাম্য ও শান্তি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ জনসভার আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘জঙ্গিবাদ ত্যাগ করুন, যুদ্ধাপরাধী বর্জন করুন। নাশকতা বন্ধে দৃঢ় ভূমিকা রাখুন, তবেই কেবল আপনার মুখে নির্বাচন ও গণতন্ত্রের কথা শোভা পাবে।’
বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘এটি যুদ্ধ। এই যুদ্ধে আপনি (খালেদা) জঙ্গির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। এ যুদ্ধে কোনো আপস, ফয়সালা, মাঝামাঝি নেই।’
ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সভায় কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ বক্তব্য দেন।