খালেদা জিয়া নীলফামারী যাচ্ছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের প্রধান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাল বৃহস্পতিবার নীলফামারীতে আসছেন। ওই দিন নীলফামারী উচ্চবিদ্যালয় মাঠে ২০-দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। ইতিমধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব সামসুজ্জামান।
জনসভা সফল করতে জেলা বিএনপির উদ্যোগে ১৬ অক্টোবর নীলফামারী শিল্পকলা মিলনায়তনে একটি প্রস্তুতি সভা এবং সংবাদ সম্মেলন করা হয়। এতে রংপুর বিভাগের আট জেলার বিএনপির নেতা-কর্মী এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রচারণার অংশ হিসেবে ১৬ অক্টোবর থেকে জেলা শহর ছাড়াও জেলার সর্বত্র মাইকিং করা হচ্ছে। হাটবাজার ও রাস্তায় টানানো হয়েছে ডিজিটাল ব্যানার। সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। জনসভা সফল করতে ১৫টি উপকমিটি গঠন করে দায়িত্ব পালন করছেন নেতা-কর্মীরা। জনসমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকেরা আশা করছেন।