খালেদা জিয়া বর্তমান রাজনীতির 'ভিলেন': তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বর্তমান রাজনীতির ‘ভিলেন’ হিসেবে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। কিছু গণমাধ্যম আইনশৃঙ্খলাজনিত কারণে বন্ধ করা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএনপিকে নিষিদ্ধ করা এবং দলটির নেত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না, এই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া যেভাবে বিএনপিকে পরিচালনা করছেন, তাতে শিগগিরই বিএনপি একটি সন্ত্রাসবাদী দলে পরিণত হবে। তখন সন্ত্রাসবাদী দল ও তার নেতার বিরুদ্ধে যে ব্যবস্থা দরকার, সরকার তা নেবে।
বিএনপির সঙ্গে সংলাপ বিষয়ে ইনু বলেন, বিএনপির দাবি যদি হয় সরকার পতন, তাহলে সেই ইস্যুতে সরকার কোনো সংলাপ করবে না। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া পাঁচটি কারণে তাড়াহুড়ো করছেন। যুদ্ধাপরাধীদের বিচারের মামলা, তাঁর দুর্নীতির মামলা, ছেলে তারেকের দুর্নীতির মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলা একটি জায়গায় এসে পেঁৗছেছে। তাই তিনি যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছেন।
মন্ত্রী মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির সমালোচনা করেন। তিনি বলেন, সরকার আইনের মধ্য থেকেই সহিংসতা নিরসনে কাজ করছে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচন না হওয়ায় লজ্জাবোধ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রশাসনের এই ব্যর্থতা গ্রহণযোগ্য নয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন আর সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।