খালেদা জিয়া বিকৃত মানসিকতার: প্রধানমন্ত্রী

১৫ আগস্ট জন্মদিন পালন করায় খালেদা জিয়াকে ‘বিকৃত চরিত্র ও মানসিকতার’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিকৃত চরিত্র ও মানসিকতার না হলে ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করতে পারে না। যে জন্মদিন তার সত্যিকার জন্মদিন না। এই জন্মদিন পালনের মধ্য দিয়ে এটাই বুঝিয়ে দেয় খুনিদের সাথে সে আছে। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সে আছে। সে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না।’
খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা আরও বলেন, ‘খুন করে যেন তার নেশা মেটে না। গাছ কেটে, ট্রেনে আগুন দিয়ে, ফিসপ্লেট খুলে ফেলে মনে হলো যেন আন্দোলন মানে মানুষ খুন করা। মানুষের রক্ত দিয়ে হোলি খেলা। ঠিক তার প্রভুরা, পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, ঠিক সেভাবেই খালেদা জিয়া ও তার পুত্র একই কায়দায় হত্যাকাণ্ড চালাতে থাকে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বেশির ভাগ সময়জুড়েই ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তাঁদের ছেলে তারেক রহমানের তীব্র সমালোচনা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জিয়ার পরিবারের সদস্যদের জড়িত থাকার কথাও পুনর্ব্যক্ত করেন। আওয়ামী লীগের অন্য নেতাদের বক্তব্যেরও মূল বিষয় ছিল জিয়া, খালেদা ও তারেক। সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ১৫ আগস্টে কেক কেটে জন্মদিন পালনের কথা উল্লেখ করে খালেদা জিয়াকে ‘বেয়াদব’ ও ‘অসভ্য’ বলে মন্তব্য করেন।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে পাকিস্তানি জেনারেল জানজুয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছিলেন বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সম্পর্ক কতটা গভীর হলে শোক বার্তা পাঠাতে পারেন। আপনারা একটু চিন্তা করবেন।’
শেখ হাসিনা বলেন, জাতির পিতা সারা জীবন ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটাবেন বলে আরাম-আয়েশ করেননি। তাঁর (হাসিনা) সরকারের রাজনীতিও মানুষের মুখে হাসি ফোটানো। এ জন্য দলের নেতা-কর্মীদের ভোগের নয়, ত্যাগের রাজনীতি করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী কারও নামোল্লেখ না করে বলেন, ‘অনেকেই আমাদের দোষ টুকাচ্ছেন। টুকাতেই থাকবেন। কিন্তু একটি কথা মনে রাখতে হবে। এই বাংলাদেশে পরাজিত শক্তির উত্থান আর কখেনাই ঘটবে না। বাংলাদেশের মানুষ ঘটতে দেবে না।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত আর ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান ও হাওয়া ভবন জড়িত, এতে সন্দেহ নেই।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘জিয়ার মৃত্যুর পর তারেক বাপের মুখটাও দেখেননি। জিয়ার হত্যার স্থানটিও একবার দেখতে যাননি। আর খালেদা জিয়া বাড়ি-গাড়ি, সুযোগ-সুবিধা নিয়ে দর-কষাকষিতে ব্যস্ত ছিলেন।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আপনি খোকাকে সরাইয়া আনলেন কিশোর আব্বাসকে। তারা সমাবেশ ডাকল। একটু বৃষ্টি আইল আর মানুষ আইল না। এই ভয়ে আপনিও সমাবেশে আইলেন না। আর যা হোক আপনার দ্বারা আন্দোলন হবে না।’
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের আরও কয়েকজন কেন্দ্রীয় ও মহানগর নেতা বক্তৃতা করেন। আলোচনা সভার কর্মসূচি থাকলেও এতে বড় জমায়েত করার জন্য আগে থেকেই মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি ছিল। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে ট্রাক-বাসে করে, অনেকে মিছিল নিয়ে সোহ্রাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন।
অস্ত্রসহ যুবলীগ নেতা আটক: আলোচনা চলাকালে প্রধানমন্ত্রীর সভামঞ্চের পাশ থেকে কামরুল হাসান (টুটুল) নামে যুবলীগের এক নেতাকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
শাহবাগ থানার উপরিদর্শক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, টুটুলের অস্ত্রটি বৈধ। অস্ত্র নিয়ে সমাবেশস্থলে যাওয়ার নিয়ম নেই। তাই কেন তিনি অস্ত্র নিয়ে সমাবেশস্থলে গেছেন, সেটা খতিয়ে দেখতে আটক করে শাহবাগ থানায় আনা হয়।
অবশ্য রাত পৌনে ১০টায় পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার ইকবাল হোসেন জানান, টুটুলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর অস্ত্র ও লাইসেন্স পুলিশের জিম্মায় রেখে দেওয়া হয়েছে।
যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান প্রথম আলোকে বলেন, টুটুল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি যুবলীগের কোনো পদে নেই। তবে যুবলীগের মিছিল-সমাবেশে আসেন।
আজ ছাত্রলীগের সমাবেশ: জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণে আজ রোববার সোহ্রাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। এতেও প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সারা দেশ থেকে আসা ছাত্রলীগের নেতা-কর্মীরা যোগ দেবেন।