খালেদা জিয়া ভালো আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এল চিকিৎসকদের একটি দল। তাঁরা জানিয়েছেন তিনি (খালেদা) ভালো আছেন। আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এ তাহিরের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই দল গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যায়।

বেলা তিনটার দিকে কার্যালয়ে প্রবেশ করে সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা সেখান থেকে বের হন। পরে এম এ তাহির সাংবাদিকদের বলেন, তাঁরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেননি। দেখে মনে হয়েছে খালেদা জিয়া ভালো আছেন। তবে ওই কার্যালয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের অবস্থা বেশি ভালো নয় বলে জানান ওই চিকিৎসক।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার প্রথম আলোকে জানান, চিকিৎসক দলটি প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি নিয়ে গিয়েছে। এম এ তাহির ছাড়া ওই প্রতিনিধিদলে আরও ছিলেন চিকিৎসক সিরাজ উদ্দিন, এম তৌহিদুল হক, এস রফিকুল ইসলাম ও সেবিকা লাবণী।