খালেদা জিয়া যেকোনো স্থানে যেতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান কার্যালয় থেকে বের হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শুধু নিজ বাসায় নয়, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন।
গতকাল সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া বন্দী নন। তিনি বাড়ি চলে যাক, কেউ বাধা দেবে না।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, বিএনপির চেয়ারপারসন কি গুলশান কার্যালয় থেকে বাসা ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না? জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, বাসায় যেতে পারেন বলা মানে এই নয় যে তিনি অন্য কোথাও যেতে পারবেন না। খালেদা জিয়া বন্দী বা অবরুদ্ধ নন। তিনি যেকোনো জায়গায় যেতে পারবেন।
সাবেক প্রধানমন্ত্রী গত ৩ জানুয়ারি রাত থেকে নিজের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন। একপর্যায়ে গত ৫ জানুয়ারি তাঁর কার্যালয়ে ঢোকা ও বের হওয়ার প্রধান ফটকের দুটি গেটে তালা দেওয়া হয়। এখন কার্যালয় থেকে বের হওয়ার পথে পুলিশ ভ্যান ও জলকামান দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে অবরুদ্ধ করার কথা প্রথম থেকেই অস্বীকার করা হচ্ছে। তবে বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত কর্মকর্তার ফোনে পুলিশের পক্ষ থেকে কয়েকবার বার্তা দেওয়া হয় এই বলে যে বিএনপির চেয়ারপারসন চাইলে পুলিশ তাঁকে সম্মানের সঙ্গে বাসায় পৌঁছে দেবে।
যোগাযোগ করা হলে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য টেলিভিশনে শুনে অবাক হচ্ছিলাম। তিনি বলছিলেন, খালেদা জিয়া চাইলে বাসায় যেতে পারেন। অবাক হওয়ার কারণ হলো, একজন ব্যক্তি কোথায় যাবেন বা না যাবেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার। আইন বা নির্বাহী ক্ষমতা ব্যবহার করে কোনো ব্যক্তির চলাচলে বিধিনিষেধ আরোপ করা যায়। কিন্তু তা না করে অবরুদ্ধ করে রাখা বেআইনি ও সংবিধান পরিপন্থী।
খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হলেও এ ব্যাপারে আইনের আশ্রয় নিতে চায় না বিএনপি। জানতে চাইলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, যদিও এটি সংবিধান ও ফৌজদারি আইনের পরিপন্থী, তার পরও এ নিয়ে আদালতে যেতে তাঁরা ইচ্ছুক নন। কারণ, সেখানে গিয়ে প্রতিকার পাওয়া কঠিন।
শাহদীন মালিকও মনে করেন, রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই মোকাবিলা করা ভালো। আদালতে গেলে তো অবরুদ্ধ হওয়ার প্রমাণ চাওয়া হবে, কাগজপত্র দেখতে চাওয়া হবে।