খালেদা জিয়া লন্ডন গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া l ফাইল ছবি
খালেদা জিয়া l ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে বিদায় জানান।
গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান অভিযোগ করেন, খালেদা জিয়াকে বিদায় জানাতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে বিমানবন্দর এলাকায় জড়ো হন। এ সময় পুলিশ বিমানবন্দরের গোলচত্বরে নেতা-কর্মীদের লাঠিপেটা করে হটিয়ে দেয়। তিনি বলেন, সেখান থেকে শ্রমিক দলের নেতা মনির হোসেনসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
এ সময় বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির সূত্র জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা শেষে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। সেখানে তিনি চোখ ও পায়ের চিকিৎসা করাবেন বলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান।
খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী-সন্তান নিয়ে প্রায় আট বছর ধরে লন্ডনে আছেন। তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী দুই সন্তানসহ মালয়েশিয়া থেকে লন্ডনে গেছেন। এখন থেকে তাঁরা সেখানেই থাকবেন বলে জানা গেছে। এর ফলে দীর্ঘদিন পর পুরো পরিবার লন্ডনে একত্র হচ্ছে। তাই খালেদা জিয়া এবার পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদ্যাপন করবেন।
এদিকে খালেদা জিয়ার অবর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য দলের চার নেতাকে মৌখিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দৈনন্দিন কর্মসূচি, নজরুল ইসলাম খান গুলশানের কার্যালয় ও যুগ্ম মহাসচিব মো. শাহজাহান দল পুনর্গঠনের প্রক্রিয়া সমন্বয় করবেন। আর দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন আগের মতোই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দেশের বাইরে চিকিৎসাধীন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিগগিরই দেশে ফিরতে পারেন বলে বিএনপির সূত্রে জানা গেছে।