জিয়াউর রহমান ও এইচ এম এরশাদকে স্বৈরশাসক এবং খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মহারানী’ বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পূর্ব লন্ডনের এট্রিয়াম হলে গত সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদ্যাপন সভায় তিনি ওই মন্তব্য করেন।
আগের দিন রোববার ওই হলেই যুক্তরাজ্য বিএনপি দিনটিকে ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে পালন করে। সেখান থেকে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ডাক দেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আশরাফুল ইসলাম বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা অশ্লীল কথা বলতে পারি না, মিথ্যা বলতে পারি না। এটাকে তারা দুর্বলতা মনে করে।’ তিনি বলেন, শালীনতার স্বার্থে অনেক সময় অনেক কথা ইচ্ছা করলেও বলা যায় না।
তারেকের নাম উল্লেখ না করে সৈয়দ আশরাফ বলেন, ‘কালকে এমন একজন লোক এখানে বক্তৃতা দিয়েছেন, এই হলটিকে মিলাদ দিয়ে জল দিয়ে পরিষ্কার করা প্রয়োজন ছিল।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে খালেদা জিয়া গণতন্ত্রের মহারানী। কারে শিখাইতে চান? বারবার মিথ্যা কথা বললেই কি সত্য মিথ্যা হয়ে যাবে? আপনাদের এ দেশের মানুষ চেনে না? কীভাবে আপনার স্বামী ক্ষমতায় এলেন? কীভাবে তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন? বারবার তিনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। সেই ইতিহাস কি বাংলাদেশের কেউ জানে না?’
জিয়াউর রহমান ও এরশাদকে স্বৈরশাসক আখ্যা দিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘স্বৈরশাসকেরাই আজকে আমাদের গণতন্ত্র শিখায়। আপনারা কি মনে করেন সারা বাংলাদেশের মানুষ আহাম্মক?’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা রাতের অন্ধকারে বন্দুক নিয়ে সালাম দিয়ে ক্ষমতায় আসেন নাই। এটা খালেদা জিয়ার জামাই করেছে, রওশন এরশাদের জামাই করছে।’
যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।