বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বিকেলে পটিয়া বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা হুঁশিযারি দিয়ে বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে সারা দেশ অচল করে দেওয়া হবে। তাঁরা অভিযোগ করেন, গণগ্রেপ্তারের মাধ্যমে সারা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইফতেখার হোসেন মহসিন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।