খালেদা জিয়াকে গ্রেপ্তার নিয়ে ভয় কিংবা চাপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার নিয়ে ভয় কিংবা বিদেশি চাপ—কোনোটিই নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এ ব্যাপারে দলীয় কোনো চাপ নেই। গ্রেপ্তার নিয়ে বিএনপির নেতাদের হুমকি-ধমকিতে আওয়ামী লীগ ভয় পায় না।
আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ ব্রিফিংয়ে নাসিম এসব কথা বলেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও তাঁর গ্রেপ্তার না হওয়া কার ব্যর্থতা, জানতে চাইলে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, এটা কারও ব্যর্থতা নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে ব্যবস্থা নেবে। খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে সরকারের পতন আরও ত্বরান্বিত হবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো কাপুরুষের কথার উত্তর দিতে চাই না। সাহস থাকলে সে বাইরে আসুক। লুকিয়ে থাকে কেন?’ তিনি বলেন, আগে হাওয়া ভবন থেকে সবকিছু করা হতো, এখন হাওয়ায় বিবৃতি দেওয়া হচ্ছে।
খালেদা জিয়াকে গ্রেপ্তারে সরকার ভয় পাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। ভয়কে জয় করেই আমরা একাত্তরে বিজয় এনেছিলাম। এখন শেখ হাসিনার নেতৃত্বে ভয়কে জয় করেই এগিয়ে যাব।’