খালেদা জিয়াকে গ্রেপ্তার হবে সরকারের 'অন্ত্যেষ্টিক্রিযা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে বর্তমান সরকারের ‘রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া’ সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে রুহুল কবির বলেন, ‘ভোটারবিহীন সরকার মনে করছে, বেগম জিয়াকে গ্রেপ্তার করলেই বোধ হয় ২০-দলের আন্দোলনে ভাটা পড়বে। কিন্তু তাঁরা ভুলে গেছেন, কথিত বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারের পরও আন্দোলনকারীরা যখন হরতাল-অবরোধে অগ্রগামী, তখন বেগম জিয়াকে গ্রেপ্তারের পরিণতি হবে বর্তমান অবৈধ সরকারের জন্য রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া।’ তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের প্রধান থেকে শুরু করে অন্য সদস্য ও শাসকদলের উচ্চপর্যায়ের নেতাদের বক্তব্য-বিবৃতি শুনলে মনে হয়, কে কত নিম্ন রুচির ভাষা প্রয়োগ করতে পারেন, তার প্রতিযোগিতা করছেন। মহান জাতীয় সংসদকে যেন আওয়ামী লীগের দ্বিতীয় কার্যালয় কিংবা আওয়ামী মহাজোট সরকারের ক্লাবঘরে পরিণত করা হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, এখন একদলীয় রাষ্ট্র, একদলীয় সংসদ, একদলীয় নির্বাচন, একদলীয় জনপ্রশাসন এবং একদলীয় বিচারব্যবস্থা বিরাজমান। সমগ্র রাষ্ট্রকেই আওয়ামীকরণ করা হয়েছে। এই ব্যবস্থায় আইনি প্রক্রিয়ার অর্থ হচ্ছে, প্রধানমন্ত্রীর জারিকৃত ফরমানের ধারাবাহিক বাস্তবায়ন। তিনি বলেন, সরকারের নীতিনির্ধারকেরা আন্দোলনরত নেতা-কর্মীদের বুকে গুলি করতে বলেছেন। গোয়েন্দা পুলিশ বন্দুকযুদ্ধের গল্প বানিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাহবা পাচ্ছেন।