বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের চক্রান্তে নাটক মঞ্চস্থ করার আয়োজন চলছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর দরকার ক্ষমতা, তাই ক্ষমতা আঁকড়ে রাখতে সবচেয়ে বড় পথের কাঁটা মনে করেন দেশনেত্রী খালেদা জিয়াকে। সে জন্য রাজনৈতিক দৃশ্যপট থেকে তাঁকে সরিয়ে দিতে ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তারের আরেকটি চক্রান্তের নাটক মঞ্চস্থ করার আয়োজন চলছে।’
‘খালেদা জিয়া হুকুম দিয়ে মানুষ খুন করছেন। হত্যার হুকুমের দায়ে তাঁকে অভিযুক্ত করা যুক্তিযুক্ত।’ গত বুধবার জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর এ বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর সব সময় একটাই যুক্তি, তা হলো বিরোধী দলশূন্য দেশ, একদলীয় রাষ্ট্রব্যবস্থা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, তিনি তো জনগণের, দেশ-বিদেশের বিশিষ্টজনদের, সুশীল সমাজ কারও যুক্তিই মানেন না। তার ক্ষমতার ক্ষুধা এত তীব্র যে তিনি জনগণের মনের ভাষা বুঝতে পারছেন না। কারণ তিনি মনে করেন, দেশের মালিক তো তিনি নিজেই, জনগণ নয়।’
বিবৃতিতে রিজভী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি ধিক্কার জানান। তিনি বলেন, ‘আপনারা এখন রাষ্ট্রের সংস্থা নন, সরকার আপনাদের আওয়ামী আইন প্রয়োগকারী সংস্থা বানিয়ে ছেড়েছে। আপনারা শতকরা ৫ ভাগ জনসমর্থিত সরকারের নির্দেশ মানছেন। আপনারা যদি বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন বন্ধ না করেন, তাহলে আপনাদের পরিণতি সুখকর হবে না।’
বিবৃতিতে রিজভী বিএনপির নেতা ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ, নারায়ণগঞ্জ সিটি বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ সারা দেশে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।