খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি নজিবুল বশরের
বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী অভিযোগ করেছেন, নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ পরিস্থিতি থেকে উত্তরণ পেতে হলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ বলেন, যেখানে একটি কীটপতঙ্গ পর্যন্ত মারার অধিকার কারও নেই, সেখানে শত শত মানুষ পুড়িয়ে মারছে জামায়াত-বিএনপি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব। বছরের শুরুতে সরকার প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তরীকত ফেডারেশনের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এম সোলায়মান, আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান হোসেন আলী প্রমুখ।