খালেদা জিয়াকে জঙ্গি রানি বললেন শাজাহান খান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গি রানি’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শুক্রবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্কস্টেশনের উন্নয়নকাজ পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
নৌমন্ত্রী বলেন, ভারতে একজন দস্যুরানি ছিলেন। ফুলনদেবী তাঁর নাম। বাংলাদেশে একজন জঙ্গি রানি আছেন। তাঁর নাম হলো খালেদা জিয়া। তিনি জঙ্গিদের নিয়ে কাজ করছেন। তাই তিনি জঙ্গি রানি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সিলেটে আদালত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত খালেদা জিয়াকে ‘সন্ত্রাসের রানি’ বলে মন্তব্য করেছিলেন।
শেওলা থেকে নৌপরিবহনমন্ত্রী সিলেটের অপর শুল্কস্টেশন তামাবিল যান। দুই শুল্কস্টেশনকে স্থলবন্দরে উন্নীত করতে সরকার উদ্যোগী বলে তিনি শুল্কস্টেশন কর্তৃপক্ষকে জানান। তামাবিল স্থলবন্দর প্রকল্পের অবকাঠামো উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।