খালেদা জিয়াকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি গণতন্ত্র ও জনগণের ওপর বিশ্বাসী নয়, তারা সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাসী, মিথ্যাচার করাই তাদের প্রধান চরিত্র। খালেদা জিয়া জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে দেশে অরাজকতার সৃষ্টির পাঁয়তারা করছেন। খালেদা জিয়াকে বাংলার মাটিতে ষড়যন্ত্র, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। রাজপথে জনগণ তা রুখে দেবে।’
‘৫ জানুয়ারি গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস ও দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে আরিচপুর টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কে গতকাল সোমবার এই অনুষ্ঠান হয়।
টঙ্গী থানা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক। বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সংসদ মো. জাহিদ আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী প্রমুখ।
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘গাজীপুরে ২০-দলীয় জোটের সমাবেশের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। খালেদা জিয়ার কুপুত্র তারেক জিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় এবং এতে অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা না চাওয়ায় তাদেরকে টঙ্গী ও গাজীপুরবাসী সমাবেশ করতে দেয়নি। এ জন্য আমি আওয়ামী লীগের পক্ষ থেকে গাজীপুরবাসীকে ধন্যবাদ জানাই। ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা হয়েছে, তাই এদিনকে আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করছে।’
সমাবেশ শেষে মাহবুব উল আলম হানিফ ও স্থানীয় সাংসদ মো. জাহিদ আহসানের নেতৃত্বে একটি বড় বিজয় শোভাযাত্রা টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।