খালেদা জিয়াকে হুকুমের আসামি করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী নাশকতা সৃষ্টির জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হুকুমের আসামি করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের লাঠি মিছিল শুরু হওয়ার আগে আন্দরকিল্লার মোড়ে অনুষ্ঠিত সভায় তিনি এ দাবি জানান।
মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বক্তৃতা করেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, খালেদা জিয়া অবরোধ কর্মসূচির নামে নাশকতা করতে নেতা-কর্মীদের উসকে দিচ্ছেন। এ ধরনের হামলা কেবল সন্ত্রাসী গোষ্ঠী ও জঙ্গি সংগঠনগুলো করে। নারী-শিশুসহ সবার ওপর পেট্রলবোমা ছোড়া হচ্ছে। দেশের সম্পদ নষ্ট হচ্ছে। খালেদা জিয়াকে হুকুমের আসামি করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে।
আ জ ম নাছির উদ্দিন ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে প্রহরীর ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। জামায়াত-বিএনপি জোট বেঁধে স্বাধীনতার ওপর আঘাত হানতে চাইছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রলীগকে সজাগ থাকতে হবে।
সভার পর আন্দরকিল্লা থেকে ছাত্রলীগ লাঠি মিছিল বের করে। মিছিলটি নিউমার্কেট মোড় ঘুরে পুরোনো রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
ছাত্রলীগের কর্মসূচি: কাল শনিবার থেকে নগর ও শহরতিলর প্রতিটি কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা টানা তিন দিন রাস্তায় অবস্থান নিয়ে নাশকতাবিরোধী প্রচারণা চালাবেন।