তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় প্রশাসনের প্রত্যক্ষ মদদে সারা দেশে সশস্ত্র জঙ্গিবাদের বিস্তার হয়েছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আগুনসন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খালেদা জিয়াকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারের একটি হোটেলে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব অভিযোগ ও মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে দেশে জঙ্গিবাদ চলছে। আশির দশকের বিএনপি নেত্রী খালেদা আর এখনকার খালেদা জিয়া এক নন, তিনি বদলে গেছেন।
হাসানুল হক ইনু বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের পথে নিয়ে যাওয়ার চক্রান্তে লিপ্ত। তারা একটি পরিকল্পনার ভিত্তিতে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার নীলনকশার অংশ হিসেবে সশস্ত্র জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন সাংবাদিক তোফায়েল আহমদ, জাহেদ সরোয়ার, সরওয়ার আজম, বিশ্বজিৎ সেন, দীপক শর্মা প্রমুখ।
আজ শুক্রবার বিকেলে শহরের পাবলিক হল মাঠে জাসদের ত্রিবার্ষিক সম্মেলনে হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।