খালেদা জিয়ার কষ্ট পাওয়া উচিত: ত্রাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়া ১৬ কোটি মানুষকে কষ্ট দিচ্ছেন, তাই উনারও কিছু কষ্ট পাওয়া উচিত। তিনি হরতাল–অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছেন। হরতাল দিয়ে তিনি এসএসসি পরীক্ষা বাধাগ্রস্ত করতে চাচ্ছেন।’

আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলবে একটি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, ‘বিদেশে আমাদের অনেক বন্ধু রয়েছে, কিন্তু কোনো প্রভু নাই। আমরা বিদেশিদের মতামত নিয়ে চলি না।’

প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে একটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন ও ১ হাজার ২০০ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎসংযোগ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল্লাহ নুরী, চাঁদপুর পল্লী বিদ্যুতের ব্যবস্থাপক আবু ইউসুফ, মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।