খালেদা জিয়ার কার্যালয়ে যেকোনো সময় তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির চার দিন পর এবার তাঁর গুলশানের কার্যালয়ে তল্লাশির পরোয়ানা জারি করেছেন আদালত। এর ফলে পুলিশ এখন খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালাতে পারবে।
খালেদা জিয়ার কার্যালয়ে কখন তল্লাশি চালানো হতে পারে, এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গত রাতে প্রথম আলোকে বলেন, যখন প্রয়োজন মনে হবে তখন তল্লাশি করা হবে।
বিএনপির নেতারা বলেছেন, খালেদা জিয়ার ওপর বাড়তি চাপ প্রয়োগ করার কৌশল হিসেবে সরকার পুলিশকে দিয়ে আদালতে তল্লাশি পরোয়ানার আবেদন করিয়েছে। মূলত তল্লাশির নামে ওই কার্যালয়ে থাকা বিএনপির চেয়ারপারসনের নিজস্ব কর্মকর্তা ও নেতাদের বের করে আনতে চায় সরকার। যাতে খালেদা জিয়া সম্পূর্ণভাবে নিঃসঙ্গ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ ছাড়া কার্যালয়ে যোগাযোগ-সংশ্লিষ্ট কোনো ধরনের সরঞ্জাম থাকলে তা উদ্ধার করা তল্লাশি অভিযানের উদ্দেশ্য হতে পারে।
গ্রেপ্তার ও তল্লাশি পরোয়ানা সত্ত্বেও খালেদা জিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা বলছেন, পরোয়ানা সত্ত্বেও তাঁর আদালতে যাওয়ার সম্ভাবনা কম। আর চলমান আন্দোলন-কর্মসূচিরও কোনো ব্যত্যয় হবে না। যদিও তল্লাশি অভিযানের আশঙ্কায় গুলশান কার্যালয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি পরোয়ানা থানায় পৌঁছায়নি বলে জানা গেছে।
সরকারের দুজন জ্যেষ্ঠ মন্ত্রী জানান, খালেদা জিয়াকে আপাতত গ্রেপ্তারের কোনো ইচ্ছা সরকারের নেই। যদি আদালতের নির্দেশে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে হয়, সে ক্ষেত্রে খালেদা জিয়াকে কোথায় রাখা হবে, তা নিয়ে সরকারের প্রস্তুতি রয়েছে।
এদিকে গতকাল রাত সোয়া নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কের খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়। খালেদা জিয়া গত ৪ জানুয়ারি থেকে গুলশানের ৮৬ নম্বর সড়কে তাঁর রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন।
গুলশানা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির চেয়ারপারসনের এ কার্যালয়ে তল্লাশির নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।
পুলিশের আবেদনে বলা হয়, খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিভিন্ন ধরনের ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। দেশে নাশকতার চালানোর পরিকল্পনা ও ষড়যন্ত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ওই কার্যালয়ে আত্মগোপন করে থাকতে পারেন। এ ছাড়া নাশকতার কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক দ্রব্য মজুত করে রাখার নিরাপদ স্থান হিসেবে ওই কার্যালয়টি ব্যবহার হতে পারে।
বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পুলিশের আবেদনে বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই কার্যালয়ে অভিযান চালানো প্রয়োজন। আদালত আবেদনের ওপর শুনানি গ্রহণ করে তা মঞ্জুর করেন।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসনকে তাঁর কার্যালয় থেকে বের করার উদ্দেশে এই পরোয়ানা আদেশ জারি করা হয়েছে। চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এটা সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলছেন, খালেদা জিয়াকে তাঁর কার্যালয় থেকে বের করতে গত দুই মাসে সরকার একের পর এক নানা কৌশল নিয়েছে। প্রথমে তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর তাঁর ওপর পেপার স্প্রে ছুড়ে, কার্যালয়ের বিদ্যুৎসহ অন্যান্য সেবাসংযোগ বিচ্ছিন্ন করে, সর্বশেষ কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দিয়ে এবং কার্যালয়ের সামনে মানববন্ধনের নামে উৎপীড়ন সৃষ্টি করা হয়। এর পরও খালেদা জিয়ার অনড় অবস্থান দেখে অবশেষে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক, মুক্তিযোদ্ধা, পেশাজীবী সমন্বয় পরিষদ খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে। ওই সময় ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হন। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন খন্দকার মাহবুব হোসেন, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, সালাহ উদ্দিন আহমদ, শিরিন সুলতানা, শামসুর রহমান, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান প্রমুখ। এ মামলায় এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।
খালেদা জিয়া প্রায় দুই মাস ধরে গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন। কয়েকজন নেতা-কর্মী, নিরাপত্তাকর্মী, কর্মকর্তা-কর্মচারীসহ অর্ধশত ব্যক্তি সেখানে আছেন। এখন সেখানে খালেদা জিয়ার আত্মীয়স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর গ্রেপ্তারের ভয়ে কার্যালয়ের ভেতরে থাকা অন্যরা কেউ বেরও হচ্ছেন না।
এ অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন আদালত। তবে গতকাল পর্যন্ত পরোয়ানা কোনো থানায় পৌঁছায়নি বলে পুলিশ জানিয়েছে। আগামীকাল এ মামলা দুটির পরবর্তী তারিখ ধার্য আছে।
সরকারের প্রস্তুতি: সরকারের নীতিনির্ধারক পর্যায়ে কথা বলে জানা গেছে, এ দুটি মামলায় আইনগত নির্দেশ পেলে বিএনপির চেয়ারপারসনকে গ্রেপ্তারের জন্য সরকারের প্রস্তুতি আছে। গ্রেপ্তারের পর তাঁকে কোথায় রাখা হবে, তাঁর নিরাপত্তা ব্যবস্থাসহ আনুষঙ্গিক সবকিছু ঠিকঠাক করে রাখার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিনির্ধারকেরা জানান, গ্রেপ্তার হলে খালেদা জিয়াকে কাশিমপুর কারাগারে রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে তাঁর জন্য ঘর নির্ধারণ, নিরাপত্তাব্যবস্থা, খাবার-দাবারসহ নানা বিষয়ে প্রস্তুতি আছে। এ ছাড়া কারাগারের বাইরে কোনো বাড়িকে উপকারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে রাখার বিষয়েও চিন্তা করা হচ্ছে। তবে তাঁর গুলশান কার্যালয়কে উপকারাগার ঘোষণার সম্ভাবনা নেই।
পুলিশ প্রত্যাহার: রাত সোয়া নয়টার দিকে খালেদা জিয়ার বাসভবনের সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সেখানে ছয়জন কনস্টেবল ও একজন হাবিলদার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। জহিরুল হক নামে পুলিশের এক সদস্য সাংবাদিকদের বলেন, রাত আটটার দিকে তাঁদের কাছে নির্দেশনা আসে, একটি ট্রাক যাবে, তাঁরা যেন সবকিছু নিয়ে রাজারবাগে চলে যান।
সাবেক এই প্রধানমন্ত্রীর বাসা থেকে হঠাৎ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কেন সরিয়ে নেওয়া হলো—এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা বাসার নিরাপত্তা নয়, ব্যক্তির নিরাপত্তা দেব। তা ছাড়া ওই বাসায় তিনি এখন থাকছেন না।’