খালেদা জিয়ার কার্যালয়ের কাছে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করার চেষ্টা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ও আরও কয়েকটি সংগঠন। তবে পুলিশ বাধা দেওয়ায় তারা কার্যালয় পর্যন্ত যেতে পারেনি। কার্যালয়ের কাছে গুলশান ২ নম্বর গোলচত্বরে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। খালেদা জিয়ার বিচার দাবি করে সেখান থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকেই খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের দিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যেতে থাকেন। গুলশান ২ নম্বর সড়কে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় সংগঠনগুলোর কয়েক শ নেতা-কর্মী গোলচত্বরে অবস্থান নেন। তাঁরা অবরোধ ও হরতালে মানুষ হত্যা, গাড়িতে আগুন, ভাঙচুর এসব ঘটনার জন্য খালেদা জিয়ার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

বেলা পৌনে একটার দিকে ‘খেটে খাওয়া নগরবাসী’র ব্যানারে প্রায় ৫০ জনের একটি দল খালেদা জিয়ার কার্যালয়ের একেবারে কাছাকাছি চলে যায়। তাদের সবার হাতে কোদাল ও ঝুড়ি ছিল। ‘ভাত চাই, কাপড় চাই’, ‘খালেদা জিয়া কেন কর্মসূচি দিয়েছেন?’, ‘মানি না মানব না’—এমন বিভিন্ন স্লোগান দিয়ে তারা কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। কার্যালয়ের ভেতরে যেতে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করে। খালেদা জিয়ার সঙ্গে কথা বলার সুযোগ চায়। পুলিশ তাদের কার্যালয়ের কাছে আটকে দেয়।

এর আগে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা বলেন, অবিলম্বে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা না হলে তাঁরা খালেদা জিয়ার বাসভবন ও কার্যালয় অবরোধ করবেন। একটি পাখিও সেখানে যেতে পারবে না। অবরোধ, হরতালে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

পুলিশ গুলশান ২ নম্বর সড়কের দুই প্রান্তে ব্যারিকেড দিয়ে রেখেছে। সেখানে পুলিশের জলকামান, রায়ট গাড়ি ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। গুলশান ২ নম্বর থেকে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যাওয়ার রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ রয়েছে।

গতকাল বুধবার সম্মিলিত গাড়িচালক সমাজের এক বিজ্ঞপ্তিতে সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য, চোরাগোপ্তা বোমা হামলা, নাশকতা ও গাড়িচালকদের পেট্রলবোমা দিয়ে অগ্নিদগ্ধ ও মেরে ফেলার বিরুদ্ধে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।