খালেদা জিয়ার জাতীয় পতাকা ব্যবহার নিয়ে শামীম ওসমানের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় পতাকা ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান। জাতীয় সংসদে গতকাল বুধবার তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী তিনি জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন না। গতকাল (মঙ্গলবার) দেখলাম, বিদেশি রাষ্ট্রদূতেরা তাঁর বাসায় গিয়েছিলেন। তাঁর পেছনে জাতীয় পতাকা। কোন ক্ষমতাবলে তিনি জাতীয় পতাকা ব্যবহার করছেন?’
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় শামীম ওসমান এ কথা বলেন। জাতীয় পতাকা ব্যবহার করার জন্য তিনি খালেদা জিয়ার শাস্তি দাবি জানান। তাঁর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে জবাব দাবি করেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। তিনি বলেন, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী নারায়ণগঞ্জের মেয়র পতাকা ব্যবহার করতে পারেন না। এভাবে চলতে থাকলে তো ইউপি চেয়ারম্যানরাও পতাকা তুলবে। তখন সংসদ সদস্যরা কি বসে থাকবেন?