জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আশঙ্কা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, দুই মামলায় খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা আছে। তার পরও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাঁরা আইনি লড়াই চালাবেন। পাশাপাশি রাজপথেও এর মোকাবিলা করা হবে। সরকারের শুভবুদ্ধির উদয় না হলে শুধু এ বিষয় নিয়েই বিএনপি আন্দোলনে যাবে। তিনি আরও বলেন, ‘লক্ষ লক্ষ মামলা পড়ে আছে, তার কোনো অগ্রগতি নেই। অথচ এ দুটি মামলা দ্রুত শেষ করার জন্য উঠে-পড়ে লেগেছে। অস্থায়ী আদালতে নিয়ে যাওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন এ দুটি মামলা নিয়ে প্রতিনিয়ত নানা বক্তব্য দিয়ে বিচার প্রভাবিত করছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তাঁর দাবি, খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান দুটি দুর্নীতির মামলার একটিও আইনসম্মতভাবে চলতে পারে না। হীন রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা চালানো হচ্ছে। এর উদ্দেশ্য খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা। তিনি মনে করেন, যদি ন্যায়িবচার থাকত, তবে খালেদা জিয়া এই দুটি মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেতেন। এখন যে পদ্ধতিতে মামলা চালানো হচ্ছে, তাতে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা সংকুচিত হয়ে যাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, এখন বিচারব্যবস্থা দুই ধরনের। সরকারদলীয়দের জন্য এক রকম বিচার আর ভিন্নমতাবলম্বীদের জন্য ভিন্ন ধরনের বিচার চলছে। আগে হয়রানির চেষ্টা হলে উচ্চ আদালতে গিয়ে ‘রিলিফ’ পাওয়া যেত। এখন তা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা সংকুচিত হয়ে আসছে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল দাবি করেন, এই দুটি মামলা যে আদালতে চলছে, সেই বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায়কে বদলি করাও ‘উদ্দেশ্যমূলক’।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।