
‘সরকারের দুর্বলতা থাকতে পারে, রাজনীতিবিদদের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু ২০০৭-০৮ সালে বাংলাদেশে যে সরকার ছিল, সেটাকে খুব সহজে বর্ণনা করা যায় না। এটা ছিল একটি পরিচয়হীন সরকার, যেখানে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। সেখানে আসলে কোনো সরকার ছিল না। বরং সামরিক ও বেসামরিক কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত শাসনকাল, যারা খুব অল্প সময়ে নিজেদের ক্ষমতাশালী করতে জাতির বিরুদ্ধে গুরুতর অপরাধ করেছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর নতুন বই ‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ এভাবেই লিখেছেন এক-এগারো-পরবর্তী সময়ের কথা।
খালেদার কাছে তারেক ও কোকোর ভাগ্যই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণগতকাল শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বইটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বইয়ে মওদুদ আহমদ এক-এগারোর সেনাসমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের নানা ঘটনা বিশ্লেষণ করেছেন।
সেই সময়ের পরিস্থিতি তুলে ধরে সেনাবাহিনীর ক্ষমতা দখলের সুযোগ প্রসঙ্গে মওদুদ আহমদ লিখেছেন, জেনারেল মইন উ আহমেদের মধ্যে জিয়ার মতো কারিশমা ছিল না, ছিল না এরশাদের মতো কৌশল ও গুণাবলি। খালেদা জিয়ার প্রতি আনুগত্যের কারণে কয়েকজন জেনারেলকে ডিঙিয়ে তাঁকে সেনাপ্রধান করা হয়। আওয়ামী লীগ যখন ২২ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, তখন খালেদা জিয়ার ইচ্ছের বিরুদ্ধে সেনাবাহিনীকে পরিচালনা করা সহজ ছিল না। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা তাঁকে সে সুযোগ করে দেয়।’

মওদুদ আহমদ মনে করেন, ওই সময় ক্ষমতা দখল করে আন্তর্জাতিক মহলের কাছে এর যৌক্তিকতা প্রমাণ করা মইনের জন্য কঠিন ছিল না। কিন্তু মইন উ আহমেদ সেটা করতে পারেননি চারটি কারণে।
এক. সামরিক আইন জারি করার বিষয়ে সমর্থন ছিল কম।
দুই. তাঁর নেতৃত্বের গুণাবলি ছিল সীমিত এবং এ ধরনের কাজের জন্য প্রস্তুতিও ছিল কম।
তিন. অন্য জেনারেলরা এ বিষয়ে দ্বিধাবিভক্ত ছিলেন।
চার. নিজের ভবিষ্যত্ পরিকল্পনার জন্য তাঁর সময়ের প্রয়োজন ছিল।
জামায়াত, হাওয়া ভবন, জঙ্গিবাদ ও দুর্নীতি বিএনপির পরাজয়ের কারণমওদুদ আহমদের মতে, তখনকার পরিস্থিতিতে জেনারেল মইনের জন্য জরুরি অবস্থাই ছিল উপযুক্ত পন্থা। ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সেনাপ্রধান ঘোষণা করলেন, বেসামরিক প্রশাসনকে সেনাসদস্যরা সহায়তা করছেন। কিন্তু জেনারেল মইন কার্যকরভাবে সর্বোচ্চ নেতা হতে পারলেন না। তাঁর দ্বিধাগ্রস্ত ব্যক্তিগত চরিত্র এবং অন্য জেনারেলদের সঙ্গে সংযুক্ততার অভাবই এর কারণ। মওদুদ মনে করেন, এ ঘাটতির কারণে মইন নিজের এবং সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতে পারেননি। শাসনব্যবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে তিনি ছিলেন দ্বিধাগ্রস্ত। এ কারণে তাঁকে নির্ভর করতে হয়েছে সেনাছাউনির বাইরে কূটনীতিক, সুশীল সমাজ এবং সংবাদমাধ্যমের ওপর। তাঁর সিদ্ধান্তহীনতা, একেক সময় একেক ধরনের পরিকল্পনার কারণে যথাসময়ে নির্বাচন করার বিষয়টি আড়ালে চলে যায়।

সেনাপ্রধান যখন রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও যুক্তরাজ্যে বক্তব্য দিচ্ছিলেন, তখন তাঁর বিরুদ্ধেই দুর্নীতির তথ্যপ্রকাশ পায় ওয়েবসাইটে। জেনারেল মইন এ গুজব ছড়ানোর জন্য দুর্নীতিবাজ রাজনীতিবিদদের দায়ী করেন। বিষয়টি নিয়ে মইনের সততা, ন্যায়পরায়ণতা এবং বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাঁর যুক্তরাষ্ট্র সফর ও সৌদি আরবে ওমরাহ পালনের ব্যয় কে করেছে, যদি জনগণের টাকায় হয়ে থাকে সেটা করার অধিকার আছে কি না, সে বিষয়েও প্রশ্ন ওঠে।
অন্যদিকে সেনাপ্রধানের প্রশ্রয়ে বাহিনীর কর্মকর্তাদের একাংশের কারণে সেনাবাহিনীর দীর্ঘদিনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। জয়েন্ট ফোর্স ও টাস্কফোর্স অনেকটাই ফ্রাংকেনস্টাইনে (দানবে) পরিণত হয়।
বিচার হতে হবে
বইয়ের শেষ দিকে মওদুদ আহমদ লিখেছেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে যারা দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে, তাদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেখতে চায় এ দেশের মানুষ, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। সেনাপ্রধান মইন উ আহমেদের নেতৃত্বে যে দলটি এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল (অব.) এম এ মতিন, লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী, লে. জেনারেল মোল্লা ফজলে আকবর (বর্তমানে অবসরপ্রাপ্ত), মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন, ব্রি. জেনারেল (অব.) চৌধুরী ফজলুল বারী, মেজর জেনারেল শেখ মামুন খালেদ, মেজর জেনারেল সিনা ইবনে জামালি (বর্তমানে অবসরপ্রাপ্ত), কর্নেল শামসুল আলম খান, লে. কর্নেল সাইফ ইবনে জমাদার। বেসামরিক প্রশাসনে ড. ফখরুদ্দীন আহমদ, তাঁর উপদেষ্টা যাঁরা জেনারেল মইনের সহযোগী ছিলেন, তাঁদেরও শাস্তি হওয়া উচিত।

যেহেতু আওয়ামী লীগ তাঁদের সহায়তায় ক্ষমতায় ফিরেছে, সে জন্য তাঁরা এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় পরবর্তী নির্বাচিত সরকারের উচিত হবে, এসব সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
এ বিষয়ে মওদুদ আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটা সম্পূর্ণই আমার নিজস্ব মত। আমার দল এটা গ্রহণ করতেও পারে, নাও পারে। কিন্তু আমি চাই একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত করে এর কুশীলবদের বিচারের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না পায়।’