খালেদা জিয়ার প্রসঙ্গে আদালতের হস্তক্ষেপ চান সাংবাদিকদের একাংশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপিপন্থী সাংবাদিক নেতারা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এ দাবি জানান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ (বিএনপি সমর্থিত) এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন, ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যেতে না দিলে তাঁর কিছু হলে সেই দায় বর্তমান সরকারকে নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘আমরা আদালতের প্রসঙ্গ আনতাম না। যদি না আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে আইনের বিষয় আনা হতো। যেহেতু দেশে অনেক নজির রয়েছে, তাই খালেদা জিয়ার বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করে পদক্ষেপ নিতে হবে।’
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘আমরা বারবার খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি পালন করছি। কিন্তু আমাদের দাবি কর্ণপাত করা হচ্ছে না। বিনা চিকিৎসায় খালেদা জিয়া দিনে দিনে ভীষণ অসুস্থ হয়ে পড়ছেন। আমরা চাই কালবিলম্ব না করে দ্রুত বিদেশে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হোক।’
বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ বলেন, ‘বিএনপি মহাসচিব যেমনটা দাবি করেছেন খালেদা জিয়াকে “স্লো পয়জন” দেওয়া হয়েছে। এ দাবির পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। খালেদা জিয়া কারাগার থেকে বের হওয়ার পর থেকে নানা অসুবিধায় ভুগছেন। আদালতের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।’