খালেদা জিয়ার বিএনপি ‘নকশালে’ পরিণত হবে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে একটি দল ছিল, যারা প্রতিদিন বোমা মারত, গুলি করত। তারা একদিন নিশ্চিহ্ন হয়ে গেল। তাদের আর খুঁজে পাওয়া গেল না। খালেদা জিয়াকেও খুঁজে পাওয়া যাবে না।
গতকাল শনিবার ভোলা শহরের নতুনবাজার চত্বরে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া যে পথে হাঁটছেন, সেটি রাজনীতির পথ না। তাঁকে শেষ করেছে তাঁর দুষ্ট ছেলে তারেক জিয়া, যে ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছে, যার পাসপোর্ট নেই, ভিসা নেই।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ আরও বলেন, খালেদা জিয়া বারবার পরাজিত হচ্ছেন। তিনি নিজের ঘর ছেড়ে গুলশান কার্যালয়ে এসে থেকেছেন। বলেছিলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবেন না। ৯২ দিন আপ্রাণ চেষ্টা করেছেন, পেট্রলবোমায় মানুষ মেরেছেন। পরাজিত হয়ে ঘরেও ফিরে গেছেন। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, থাকবেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সম্মেলনের উদ্বোধন করেন।