খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই আদেশ দেন।
গতকাল এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া সমনের প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। সমন জারি হওয়ার পরও খালেদা জিয়া আদালতে হাজির হননি। বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত তা মঞ্জুর এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
গত ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি এই মামলা করেন।
সরকারের নির্দেশে এই পরোয়ানা: নিজস্ব প্রতিবেদক জানান, সরকারের নির্দেশেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি শুধু হাস্যকরই নয়, সরকারের কূটকৌশলের অংশ। নাসিরনগরের ঘটনা থেকে দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে এই পরোয়ানা জারি করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস এবং বিএনপির চেয়ারপারসনকে বিপর্যস্ত করতে সরকারের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এখন বেপরোয়া ও কাণ্ডজ্ঞানহীন চক্রান্তে লিপ্ত হয়েছে।
বিক্ষোভ কর্মসূচি: পরোয়ানার প্রতিবাদে আজ শুক্রবার সারা দেশে মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। ছাত্রদল জানায়, কাল শনিবার ছাত্রদল দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।