খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ
গুলশানের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে আজ বুধবার রাতে দেখা করেছেন তিনজন আইনজীবী। তাঁরা হলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, আইনজীবী নিতাই রায় চৌধুরী ও আরশাদ জামান।
ফিরে এসে এ জে মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে তাঁরা আইনগত বিষয়ে নিয়ে কথা বলেছেন। তবে, আইনগত কী কী বিষয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তাঁদের কথা হয়েছে সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি। কাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য আছে। এ বিষয়ে কথা হয়েছে কি না, জানতে চাইলে তিনি উত্তর দেননি।
এর আগে আজ বিভিন্ন সময়ে জাতীয়তাবাদী মহিলা দলের কয়েকজন নেতা গুলশানের কার্যালয়ে যান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩ জানুয়ারি থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন। আজ ছিল তাঁর অবরুদ্ধ অবস্থার ১২তম দিন। অন্যদিনের মতো আজও কার্যালয়ের সামনের রাস্তা আটকে দিয়ে দুই ফটকে পুলিশ পাহারা দিয়েছে।