বেশির ভাগই প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী, কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে
খালেদা জিয়ার সঙ্গে বৈঠককারীরা চিহ্নিত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ‘বৈঠককারী’ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁদের অধিকাংশই বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী। আবার অবসর-উত্তর ছুটিতে থাকা ও অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের কয়েকজন কর্মকর্তাও ওই ‘বৈঠকে’ অংশ নিয়েছিলেন। ওএসডিতে থাকা প্রশাসন ক্যাডারের দু-একজন কর্মকর্তার নাম শোনা গেলেও এখনো নিশ্চিত হতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।
এখন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যাঁদের চাকরির বয়স ২৫ বছর হয়ে গেছে, তাঁদের কয়েকজনকে সরকারি কর্মচারী আইন (অবসর) অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। বাকিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এসব কথা জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা আলাদা আলাদা মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন। ফলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ওই সব মন্ত্রণালয়কে। আর প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক ‘বৈঠককারীদের’ শনাক্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। এ বিষয়ে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, বৈঠকে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে, কাকে দিয়ে এই তদন্ত কমিটি হচ্ছে তা জানাননি সচিব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, গোয়েন্দাদের মাধ্যমে ভিডিও ফুটেজ দেখে প্রাথমিকভাবে ‘বৈঠককারী’ কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করা হয়েছে। তবে এখনো বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, গোয়েন্দা প্রতিবেদনসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য পরীক্ষা ও যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে যেসব নাম জানা গেছে, তাঁদের মধ্যে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন করে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুজন প্রশাসনিক কর্মকর্তা। এ ছাড়া তথ্য অধিদপ্তর ও মহা হিসাবরক্ষক কার্যালয়ের দুজন কর্মচারীর নামও রয়েছে। অবসরে যাওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মচারী নেতাও রয়েছেন ‘বৈঠককারীদের’ তালিকায়।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি বাধ্যতামূলক অবসরে পাঠানো এক যুগ্ম সচিব, অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা আরেক যুগ্ম সচিবসহ তিন-চারজনের নাম রয়েছে। পিআরএলে থাকা একজন কর্মকর্তা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁদের এক সহকর্মীর মেয়ের বিয়েতে এসেছিলেন খালেদা জিয়া। এ জন্য কৃতজ্ঞতা জানাতে গিয়েছিলেন। এ ছাড়া ওএসডি থাকা একজন জ্যেষ্ঠ সহকারী সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক এক যুগ্ম সচিবের (এপিডি) নামও আছে প্রাথমিক তালিকায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নেতা জানান, বিএনপি-জামায়াতপন্থী প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দুটি উপদল আছে। এর মধ্যে একটি উপদলের অধীন কয়েকজন কর্মকর্তা-কর্মচারী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে যান। এতে ক্ষুব্ধ হয়ে অপর পক্ষ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে জানিয়ে দেয়। এ কারণে বিষয়টি জানাজানি হয়।
সাবেক ও বর্তমান কিছুসংখ্যক সরকারি কর্মকর্তা-কর্মচারী গত বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও বিএনপি এ ধরনের বৈঠকের কথা অস্বীকার করে আসছে। এর পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। ঘটনার পরদিন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বৈঠকাকারীদের’ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।