খালেদা জিয়ার সঙ্গে মিন্টুর স্ত্রী, ছেলের সাক্ষাৎ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসায় গিয়ে দেখা করেছেন আবদুল আউয়াল মিন্টুর স্ত্রী নাসরিন আউয়াল ও ছেলে তাবিথ আউয়াল। আজ সোমবার রাত সোয়া ১০টার দিকে তাঁরা গুলশানে খালেদা জিয়ার বাসায় যান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হলেও তাঁর ছেলে তাবিথ আউয়াল মেয়র পদের একজন বৈধ প্রার্থী। আজ মিন্টুর মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এরপরেই মিন্টুর স্ত্রী ও ছেলে চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গেলেন।
জানতে চাইলে তাবিথ আউয়াল প্রথম আলোকে বলেন, তাঁর মা ও অন্য ভাইয়েরা মিলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন। এটি ছিল একটি পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে কিছু না।
সিটি করপোরেশন নির্বাচনে আবদুল আউয়াল মিন্টুর প্রতি দলের সমর্থন প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু এখন তাঁর ছেলেকে বিএনপি সমর্থন দেবে কি না, এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিএনপির একটি সূত্র জানায়, উত্তর সিটি করপোরেশনে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকেই সমর্থন দেওয়ার কথা জোরালো ভাবে ভাবছে বিএনপি।
খালেদার বাসার সামনে পুলিশি নিরাপত্তা:
আজ রাত ১০টা থেকে খালেদা জিয়ার বাসার সামনে নিয়মিত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আবারও মোতায়েন করা হয়েছে। খালেদা জিয়া গুলশান কার্যালয়ে যাওয়ার একপর্যায়ে তাঁর বাসার সামনে থেকে নিয়মিত পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল।